English Version
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১৭:২১

সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় রাবিতে নিন্দা

অনলাইন ডেস্ক
সাংবাদিকের বিরুদ্ধে মামলার ঘটনায় রাবিতে নিন্দা

দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, প্রকাশক একে আজাদ, জ্যেষ্ঠ প্রতিবেদক অমরেশ রায় ও রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবের নামে মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

রোববার (১২ জুন) পৃথক দুই সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এক বিবৃতিতে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘দেশের প্রথিতযশা সাংবাদিকদের নামে এ ধরনের মামলা দায়ের গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা ও তথ্যের অবাধ প্রবাহকে বাধাগ্রস্ত করতেই এ মামলা করা হয়েছে। এ ধরনের মামলা প্রত্যাহার করে সমকালের সাংবাদিকদের হয়রানি না করার জন্য আমরা দাবি জানাচ্ছি।’

এদিকে রাতে পাঠানো আরেক বিজ্ঞপ্তিতে প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমাদ ফাহিম ও সাধারণ সম্পাদক তাসলিমুল আলম তৌহিদ এক বিবৃতিতে বলেন, ‘দেশের প্রথিতযশা সাংবাদিকদের নামে এ ধরনের মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায়। তাই আমরা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, দৈনিক সমকাল সম্পাদক ও প্রকাশকসহ চারজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

রোববার সকালে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালত (খ) অঞ্চলের বিচারক মো. কুদরাত-ই খোদার আদালতে করা মামলায় সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রকাশক এ. কে. আজাদ, জ্যেষ্ঠ প্রতিবেদক অমরেশ রায় এবং রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিবকে আসামি করা হয়েছে।

আদালত মামলাটি গ্রহণ করে আসামিদের আগামী ২৬ সেপ্টেম্বর হাজির হতে সমন জারি করে।