English Version
আপডেট : ২২ মে, ২০১৬ ২০:২৬

মাদ্রাসার ২৬৬৪৫ শিক্ষক ২৯ বছর ধরে বেতন-ভাতা পায়না

অনলাইন ডেস্ক
মাদ্রাসার ২৬৬৪৫ শিক্ষক ২৯ বছর ধরে  বেতন-ভাতা পায়না

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মো. মোখলেছুর রহমান বলেছেন, দেশের ৫৩২৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ২৬ হাজার ৬৪৫ জন শিক্ষক ২৯ বছর ধরে কোনো বেতন-ভাতা পায় না।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘটের ৮ম দিনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। বেতন-ভাতার দাবিতে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি এ অবস্থান ধর্মঘট ও সমাবেশ আয়োজন করে।

কাজী মো. মোখলেছুর রহমান বলেন, ১৯৯৪ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার সরকারি সিদ্ধান্ত আজও পূরণ হয়নি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২০১১ সালের তথ্য মোতাবেক সারা দেশে সরকারি বিধি অনুযায়ী ৬ হাজার ৮৪৮টি মাদ্রাসা চলমান রয়েছে। এসব মাদ্রাসায় কর্মরত রয়েছেন ৩৪ হাজার ২৪০ জন শিক্ষক।

তিনি বলেন, এই শিক্ষকদের মধ্যে মাত্র ১৫১৯টি মাদ্রাসার ৬০৭৬ জন শিক্ষক মাসে ৫০০ টাকা করে ভাতা পেতেন। গত ইংরেজি ২০১৩ সালের ২২ জানুয়ারি থেকে ওই সব শিক্ষকের ভাতা ৫০০ টাকা থেকে ১০০০ টাকায় উন্নীত করা হয়। অবশিষ্ট ৫৩২৯টি মাদ্রাসার ২৬ হাজার ৬৪৫ জন শিক্ষক একটানা ২৯ বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত।

যুগের পর যুগ মানবেতর জীবনযাপনে বাধ্য হলেও স্বাধীন এ দেশে তাদের দেখার কেউ নেই।

তাই দাবি না আদায় না হওয়া পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট চলবে। দরকার হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সমিতির যুগ্ম মহাসচিব আবু মুসা ভূইয়া, মাওলানা নজরুল ইসলাম হিরন, মাওলানা মো. শাহজাহান প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী।