শিক্ষককে বহাল রেখে স্কুল কমিটি বাতিল
ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর ও কান ধরে উঠ-বস করানো এবং বরখাস্তের ঘটনায় ওই স্কুল পরিচালনা কমিটিকে বাতিল করা হয়েছে।একই সঙ্গে সাময়িক বরখাস্ত হওয়া ওই স্কুলের প্রধান শিক্ষককে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার (১৯ মে) সকালে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
কমিটির দেয়া তথ্য তুলে ধরে শিক্ষমন্ত্রী বলেন, স্কুলের পরিচালনা কমিটি শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম না মেনে শিক্ষককে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। যে কারণে কমিটির ওই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং শাস্তি স্বরূপ পরিচালনা কমিটিকে বাদ দেওয়া হয়েছে। শিগগিরই সেখানকার জেলা প্রশাসকের নেতৃত্বে নতুন কমিটি গঠন করে দেওয়া হবে।
স্থানীয় সাংসদ সেলিম উসমানের উপস্থিতে শিক্ষকের এমন অবমাননার ঘটনায় তদন্তে কিছু এসেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা আজ প্রাথমিক সংবাদ সম্মেলনে আপনাদের সামনে এসেছি। এই মুহূর্তে যেসব তথ্য আছে তাই প্রকাশ করলাম।
এ বিষয়ে যে কোনো অগ্রগতি হলে তাৎক্ষণিক আপনাদের জানানোর চেষ্টা করবো। তবে হাইকোর্টে যে সিদ্ধান্ত দিয়েছে তার প্রতি শ্রদ্ধা রেখে স্বরাষ্ট্রমন্ত্রী নিজ উদ্যোগে তা বাস্তবায়নে কাজ করে যাবে বলে ইতোমধ্যে আপনারা জেনেছেন।


