English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ২১:০২

রাবি শিক্ষক হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি

অনলাইন ডেস্ক
রাবি শিক্ষক হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকারীদের বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।  
বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৩টার দিকে এ স্মারকলিপি দেওয়া হয় বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শহীদুল্লাহ।

শহীদুল্লাহ বলেন, এসময়ে কয়েকদফা দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। তবে মূল দাবি ছিল অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-ছাত্র হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তি, যেসব হত্যা মামলার বিচার শেষ হয়েছে সেগুলোর দ্রুত রায় কার্যকর করা। তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়গুলি দ্রুত দেখবেন বলে তাদের জানিয়েছেন। 

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। এদিকে শবে মেরাজের ছুটির দিনেও অধ্যাপক এ এফ এম রেজাউল হত্যার বিচার দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার হত্যাকাণ্ডের ১৩তম দিনে শোক র‌্যালি ও সমাবেশ করেছে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।