২০১৬ সাল থেকেই পিএসসি বন্ধ দাবী
অভিভাবক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান টুলু অভিযোগ করে বলেছেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কোমলমতি শিশুদের ওপর অসহনীয় মানসিক চাপ সৃষ্টি করছে।
তিনি বলেন, সরকার ২০১৮ সাল থেকে পিএসসি পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে। সরকারের এ উদ্যোগ অবশ্যই প্রসংশনীয়। কিন্তু আমাদের দাবি হলো ২০১৮ সাল নয়, ২০১৬ সাল থেকেই এ পরীক্ষা বন্ধ করতে হবে।
শুক্রবারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৬ সাল থেকেই বাতিলসহ ৬ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরাম এ মানববন্ধর আয়োজন করে।
শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও চাপে থাকেন উল্লেখ আতিকুর রহমান টুলু বলেন, প্রাথমিক সমাপনি পরীক্ষার বোঝা কোমলমতি শিক্ষার্থীদের প্রচণ্ড মানসিক চাপে রাখে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা হুমকির মুখে পড়েছে। কোমলমতি এই শিশুদের ভবিষ্যত চিন্তায় অভিভাবকরাও সবসময় বাড়তি চিন্তায় থাকেন। তাই অবিলম্বে এ পরীক্ষা বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, জিপিএ-৫ এর মূলা ঝুলিয়ে শিশুদের এই বাড়তি পড়ার চাপে ফেলা হয়েছে। স্কুল ও কোচিং এ দেওয়া বাড়ির কাজ শেষ করাতে বাচ্চাদের রাত ১২টা পর্যন্ত লেখাপড়া করাতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। এই অবস্থা চলতে থাকলে দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে সৃষ্টিশীল কিছু আশা করা যাবে না। তাই অবিলম্বে এ পরীক্ষা বন্ধ করতে হবে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আইডিয়াল ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, ইঞ্জিনিয়ার ফাহিম উদ্দিন, সেলিম মিয়া প্রমুখ।


