English Version
আপডেট : ১৬ মার্চ, ২০১৬ ২১:০১

গভর্নর থেকে শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
গভর্নর থেকে শিক্ষক
বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর আতিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগে যোগদান করেছেন।
 
বুধবার উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন।
 
জানা যায়, আতিউর রহমান বুধবার আনুষ্ঠানিকভাবে উন্নয়ন ও অধ্যয়ন বিভাগে যোগদান করেছেন। তিনি বাংলাদেশ ব্যাংকে যোগদানের আগেও এ বিভাগের শিক্ষক ছিলেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে ১০ কোটি ডলার রিজার্ভ হ্যাকিংয়ের মাধ্যমে চুরি যাওয়ার ঘটনায় পদত্যাগ করেন আতিউর রহমান।
 
তার জন্ম ১৯৪৯ সালের ২৮ নভেম্বর, জামালপুরে। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে উচ্চ-মাধ্যমিক পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। পিএইচডি ডিগ্রি পান ১৯৮৩ সালে৷ ২০০৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন ও অধ্যয়ন বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন।
 ২০০৮ সালের ১মে বাংলাদেশ ব্যাংকের দশম গভর্নর হিসেবে চার বছরের জন্য দায়িত্ব পান আতিউর। এরপর তাকে আরও এক মেয়াদের জন্য গুরুত্বপূর্ণ এ দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
 
২০১৬ সালের ২ আগাস্ট তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে ব্যাংলাদেশ ব্যাংকে হ্যাকিংয়ের ঘটনার জন্য বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি উঠলে তিনি গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।