বিশ্ববিদ্যালয় শিক্ষক নেতাদের সঙ্গে সোমবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী
কর্মবিরতির সপ্তমদিনে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের আগামীকাল সোমবার বৈঠকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে তাদের ডেকেছেন প্রধানমন্ত্রী। সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে তাদের এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন।
দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মোর্চা শিক্ষক সমিতি ফেডারেশন অষ্টম বেতন কাঠামোয় ‘অসঙ্গতি’ নিরসনের দাবিতে চলমান শিক্ষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। অধ্যাপক ফরিদ রোববার বলেন, শিক্ষক সমিতির ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন তারা।
নয় মাস আগে অষ্টম বেতন কাঠামোর প্রস্তাব আসার পর গ্রেডে অবনমন এবং সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাতিলের প্রতিবাদে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। পরে শিক্ষকদের দাবি পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিক্ষকদের নিয়ে বৈঠকও করেন। বৈঠকে অর্থমন্ত্রী শিক্ষকদের তিনটি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও ১০ দিন পর প্রকাশিত গেজেটে তার প্রতিফলন দেখা যায়নি, অভিযোগ শিক্ষকদের।
দাবি আদালয়ে গত সোমবার থেকে সারা দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা, যাতে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রধানমন্ত্রী প্রশ্ন তুললেও শিক্ষক সমিতি নেতা ফরিদ উদ্দিন একাধিবার বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিট বসতে পারলে এই সঙ্কটের সুরাহা বলে তারা মনে করেন।
প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে শুরু থেকেই চেষ্টা চালিয়ে আসছিলেন বলেও জানান অধ্যাপক ফরিদ। গত আট মাসে কয়েক দফা চিঠি পাঠিয়ে তার কোনো সাড়া পাননি বলে সম্প্রতি জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো চিঠি ‘আমলাদের বলয় ভেঙে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যায়নি বলেও অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন।
সম্প্রতি তিনি বলেন, গত আট মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আমরা অন্তত ছয় বার চিঠি পাঠিয়েছি। কিন্তু সেখান থেকে কোনো সাড়া পাইনি। একটি মহল প্রধানমন্ত্রীর কাছে শিক্ষকদের বক্তব্যগুলো খণ্ডিতভাবে উপস্থাপন করেছে। আমরা মাত্র পাঁচ মিনিট সময় পেলেও তাকে বিষয়টা বুঝিয়ে বলতে পারতাম।


