বরিশালে মেয়েরা এগিয়ে
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৭ দশমিক ২৬। পাসের হার গতবারের তুলনায় দশমিক ৬৬ ভাগ কমলেও বেড়েছে জিপিএ ফাইভের সংখ্যা।এবারে জিপিএ ফাইভ পেয়েছে ১৩ হাজার ৪শ’ ৪৬ শিক্ষার্থী যা গতবারের তুলনায় ৩ হাজার ১৭৯ জন বেশী। ফলাফল এবং জিপিএ ফাইভের দিক দিয়ে এবারও ছাত্রীরা এগিয়ে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ মুহাম্মদ আলমগীর বৃহস্পতিবার দুপুর ১২টায় সাংবাদিকদের উপস্থিতিতে এই ফল প্রকাশ করেন। এখান থেকে পাওয়া তথ্য হলো, এবছর ১ লাখ ৬ হাজার ৮৫ পরীক্ষার্থী অংশ নিয়ে ১ লাখ ৩ হাজার ১৮১ জন পাস করেন। এরমধ্যে ৫৩ হাজার ৮৫২ ছাত্রী এবং ৪৯ হাজার ৩২৯ জন ছাত্র। এই হিসেবে মেয়েদের বেলায় পাসের হার ৯৭ দশমিক ৭২। ছেলেদের বেলায় এই হার ৯৬ দশমিক ৭৭ ভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ৮ হাজার ৫৬১ ছাত্রী এবং ৪ হাজার ৯০৩ জন ছাত্র। এখান থেকে আরো জানা গেছে, জেলাভিত্তিক পাসের বেলায় ঝালকাঠী জেলা ৯৮ দশমিক ৬৭ ভাগ পাস করে প্রথম হয়েছে। এরপর যথাক্রমে ভোলা জেলায় পাশের হার ৯৮ দশমিক ৫৪, বরিশাল জেলায় পাশ করেছে ৯৭ দশমিক ৭০ ভাগ। আর পটুয়াখালী জেলায় পাসের হার ৯৭ দশমিক ২৩। পিরোজপুর জেলায় গড় পাস ৯৭ দশমিক ২১। সর্বশেষ বরগুনা জেলায় গড় পাসের হার ৯৩ দশমিক ২০।
পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর বলেন, পাসের হার সামান্য হ্রাস পেলেও জিপিএ পাঁচ এর সংখ্যা বেড়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, শিক্ষকদের আন্তরিকতা আর অভিভাকদের সচেতনতা সহায়ক ভূমিকা রেখেছে বলে তিনি মনে করেন।


