বৃদ্ধ গাড়ি চালককে মাঝরাস্তায় কান ধরে সিজদা করানো এসআই প্রত্যাহার
কক্সবাজারের পেকুয়ায় মীর কাশেম নামের এক বৃদ্ধ গাড়ি চালককে মাঝরাস্তায় কান ধরে সিজদা করানোর ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার পুলিশ লাইন্সে ক্লোজডের নির্দেশ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন।
মীর কাশেম কক্সবাজার সদরের নাজিরার টেক এলাকার নুরুল আলমের ছেলে। এ ঘটনায় পুরো উপজেলায় সমালোচনার ঝড় বইছে।
এর আগে বেলা ১১টার দিকে পেকুয়া উপজেলা সদর চৌমুহনী চৌরাস্তার মোড়ে এ ঘৃণিত কাজ করেন পেকুয়া থানার এসআই তৌহিদুল ইসলাম।
ভুক্তভোগী মীর কাশেম বলেন, ‘আমি কক্সবাজার থেকে মালবোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রামের উদ্দ্যেশে যাচ্ছিলাম। এ সময় পথে পেকুয়া চৌমুহনী এলাকায় আমাকে পেছন থেকে ডাক দিয়ে থামায় এক লোক। কাছে আসতে দেখলাম তিনি পুলিশের লোক। পুলিশ দেখে আমি গাড়ি থেকে নামতেই তার গায়ে গাড়ি লাগার অযুহাতে আমাকে কান ধরে সিজদার নির্দেশ দেয়। এতে আমি আপত্তি করলে তিনি অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে শত শত মানুষের সামনে কান ধরিয়ে রাস্তার মাঝখানে সিজদা করায়।’ এ সময় তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।
এ ব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


