জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে খালেদা জিয়া
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে তিনি ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে পৌঁছান।
বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য দেয়া কথা রয়েছে।
এর আগে গত সোমবার (৩০ জানুয়ারি) সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় শুনানির শুরুতেই খালেদা জিয়ার প্রধান আইনজীবী আবদুর রেজ্জাক খান এই মামলা পুনঃতদন্তের জন্য আবেদন করলে দুই পক্ষের আইনজীবীর মধ্যে প্রচণ্ড বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বিকেল পৌনে চারটার দিকে আদালত আজ বৃহস্পতিবার খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য করেন। আর খালেদার পক্ষে মামলার পুনঃতদন্তের আবেদনের ওপর বিস্তারিত শুনানির সময়ও ওই দিন ধার্য করেন।
এর আগে, গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির না হওয়ায় সময়ের আবেদন দাখিল করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও এম হেলাল উদ্দিন। অপরদিকে দুদুকের আইনজীবী মোশারফ হোসেন কাজল মামলার আসামি খালেদা জিয়া ও তারেকের জামিন বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামরা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতিমদের সহায়তার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন সাক্ষী।
গত বৃহস্পতিবার মামলার জামিনে থাকা দুই আসামি মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেলিখিত বক্তব্য জমা দিয়েছেন। ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক।
এদিকে একই আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও খালেদার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেওয়ার দিন ধার্য রয়েছে।


