সানির বিরুদ্ধে এবার যৌতুকের মামলা দিলেন সেই নারী
ঢাকা: রিমান্ডে থাকা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে এবার যৌতুকের মামলা করেছেন নাসরিন সুলতানা ইতি নামের সেই নারী।
সোমবার (২৩ জানুয়ারি) ঢাকার মহনগর হাকিমের আদালতে তিনি এ মামলা করেন। বিচারক রায়হান আহম্মেদ মামলাটি আমলে নিয়ে আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে সমন জারি করেছেন।
এ তরুণীরই করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গতকাল রোববার আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালত তাঁর একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকের মামলায় ওই তরুণী ২০লাখ টাকার যৌতুকের দাবির অভিযোগ করেছেন।
এদিকে পুলিশের রিমান্ডে থাকা আরাফাত সানি ওই নারীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন। তিনি এও বলেন, ওই নারীকে তিনি আপত্তিকর কোনো ছবি ফেসবুক কিংবা মেসেঞ্জারে পাঠাননি।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া সাংবাদিকদের জানিয়েছেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় কথার গুরুত্ব কম। মোহাম্মদপুর থানায় আরাফাত সানিকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, মামলার বাদী ওই নারীর মোবাইল ফোন জব্দ করা হয়েছেন। তা ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে। মোবাইলে কে ছবি পাঠিয়েছেন, তা তদন্তের মাধ্যমেই জানা যাবে।


