English Version
আপডেট : ২২ জানুয়ারি, ২০১৭ ২৩:৫০
আশপাশের লোকেরা ফিসফিস করছে

সানির বিরুদ্ধে মামলা: আইফোন হাতে কে এই নাসরিন?

নিজস্ব প্রতিবেদক
সানির বিরুদ্ধে মামলা: আইফোন হাতে কে এই নাসরিন?
নাসরিন সুলতানা ইতি-ইনসেটে আরাফাত সানি

ঢাকা: তথ্য-প্রযুক্তি আইনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার আরাফাত সানির বিরুদ্ধে মামলা করে আলোড়ন সৃষ্টিকারী কে এই নাসরিন সুলতানা? এই প্রশ্ন এখন ক্রিকেটপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। ওই মামলায় ইতোমধ্যেই আদালত ক্রিকেটার আরাফাত সানিকে পাঠিয়ে দিয়েছেন একদিনের রিমান্ডে।

মামলার এজাহারে উল্লেখ করা নাসরিন সুলতানার মোহাম্মদপুর কাঁটাসুরের বাসায় রোববার বিকেলে গিয়ে দেখা যায়, টিনশেড বাসা। আটটি ছোট কক্ষ। বাসার ভেতরে ঢুকতেই হাতের ডান পাশের শেষের দুটি কক্ষে বাবা-মা ও ছোট বোনের সঙ্গে বসবাস করেন নাসরিন সুলতানা। মামার পরিবারের সঙ্গে তারা বসবাস করেন।

কথা বলে জানা যায়, তার বাবার নাম মনিরুল ইসলাম, মা রোকসানা বেগম। চার বোনের মধ্যে নাসরিন সুলতানা তৃতীয়। নাম নাসরিন সুলতানা হলেও এলাকায় ইতি নামে পরিচিত।

এদিকে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর কাঁটাসুরের বাসা ছেড়ে ধানমন্ডির ফুফু নার্গিস আক্তারের বাসায় আশ্রয় নিয়েছে নাসরিনের পরিবার।

নাসরিনের মামি সাংবাদিকদের জানান, মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজে ইংরেজিতে পড়াশোনা করে নাসরিন। ছোট বোন বীথি পড়ে একাদশ শ্রেণিতে। নাসরিনের বাবা একমি কোম্পানির গাড়ি চালাতেন। চলতি মাসেই চাকরি থেকে তিনি অবসরে গেছেন। নাসরিনের মা গৃহিণী।

তিনি বলেন, ‘বিভিন্ন ধরনের লোকজনের সঙ্গে মেলামেশা করে নাসরিন। মেয়ের কোনো ব্যাপারেই বাবা মনিরুল হস্তক্ষেপ করেন না।’ 

নাসরিনদের সঙ্গে প্রায় আট বছর ধরে ভাড়া থাকা একজন বাসিন্দা জানান, এক নারী চাকরিজীবী নাম প্রকাশ না করে বলেন, ‘আশপাশের মানুষের সঙ্গে কথা বলুন ওদের চরিত্র সম্পর্কে বুঝতে পারবেন। এ রকম আরও অনেককে মুরগি বানিয়ে টাকা বাগিয়েছে নাসরিন।’

ওই নারী আরো বলেন, ‘বাবা গাড়ি চালালেও নাসরিন ব্যবহার করে আইফোন। পোশাক কেনাকাটা করে ইয়েলো ব্র্যান্ডের দোকান থেকে। কীভাবে সম্ভব? অবৈধ পথে অর্থ উপার্জনেই চলে ওদের পরিবার।’

বাসার একজন পুরুষ ভাড়াটিয়া জানান, ‘এই বাসায় আরাফাত সানি আসতো, তবে ফাঁদ পেতে আরাফাত সানিকে আটকানোর চেষ্টা চলছে।’

নাসরিনের মামাতো বোন রেহানা আক্তার বলেন, ‘আরাফাত সানি আরো দুই আড়াই বছর আগে এখানে মাঝে মধ্যে আসতো। রুপার (নাসরিনে মেঝো বোন) মাধ্যমে পরিচয় ছিল।’

তিনি আরো বলেন, ‘ঘর দেখুন, কে বিশ্বাস করবে আরাফাত সানির সঙ্গে তার (নাসরিন) ওঠাবসা আছে। সবই স্বার্থ। চলাফেরায় বোঝার উপায় নেই। এমন কাজ না করলেও পারতো নাসরিন।’

তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে নাসরিনের বরাত দিয়ে তার ছোট বোন বীথি জানান, ‘নাসরিনসহ পরিবারের সবাই ধানমন্ডি ফুফুর বাসায় আছেন। সারাদিন নাসরিনের ওপর অনেক ধকল গেছে। আগামীকাল (সোমবার) আপনার সঙ্গে সরাসরি কথা বলবেন।’

গত ৫ জানুয়ারি নাসরিন সুলতানা ইতির দায়ের করা মামলায় আজ রোববার সকালে ক্রিকেটার আরাফাত সানিকে তথ্য-প্রযুক্তি আইনে গ্রেফতার করে মোহাম্মদপুর থানার পুলিশ।