English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৬ ১২:০৮

মিটফোর্ড হাসপাতালে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
মিটফোর্ড হাসপাতালে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল থেকে গতকাল বৃহস্পতিবার রাতে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে সেখানকার দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা (আনসার)। আটককৃতের নাম মো. আব্দুল করিম। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করা হয়।   জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার সময় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। তার চলাফেরা সন্দেহজনক হলে নিরাপত্তাকর্মীরা তার পরিচয় জানতে চান। এ সময় ওই ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দেন।   একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি তাদের একটি আইডি কার্ড দেখিয়ে নিজেকে মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক বলে দাবি  করেন। পরে নিরাপত্তাকর্মীরা বিষয়টি তাদের কমান্ডারকে জানালে তিনি মেডিসিন বিভাগের সামনে এসে ওই ব্যাক্তির ওপর নজর রাখেন। একপর্যায়ে ওই ব্যক্তি মেডিসিন বিভাগের চিকিৎসকদের কক্ষে ঢুকে রোগী পরীক্ষা করার বিভিন্ন যন্ত্রাংশ পকেটে ভরে ফটক দিয়ে বের হয়ে পালাবার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তাকর্মীরা তাকে আটক করে মেডিসিন বিভাগে দায়িত্বরত চিকিৎসকদের বিষয়টি জানান। তাঁরা হাসপাতালের ফটকের কাছে এসে আটককৃত ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারেন ওই ব্যক্তি কোনো চিকিৎসক নন। পরে তাকে ভুয়া চিকিৎসক বলে আখ্যায়িত করেন তাঁরা।   আনসার কমান্ডার মো. আরিফুর রহমান বলেন, "আটককৃত ব্যক্তির নাম মো. আব্দুল করিম। সে রাজধানীর জুরাইন কমিশনার রোড এলাকার আব্দুল বারেকের ছেলে। ভুয়া চিকিৎসকের আইডি কার্ড বানিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে যন্ত্রাংশ চুরি করে বিক্রি করেন সে। বিষয়টি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। "