গুলশানে হামলার মামলায় ৬ জনের নাম
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় গুলশান থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।
এরা হলেন- অভিযানে নিহত মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিরবাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম উজ্জ্বল ও সাইফুল ইসলাম চৌকিদার।
তাদের মধ্যে খায়রুল ও শফিকুলের গ্রামের বাড়ি বগুড়ায়। অপর তিনজনের বাড়ি ঢাকায়। এ ছাড়া সাইফুল ইসলাম চৌকিদার হলি আর্টিজান বেকারির কুক। মামলায় সবাইকে জেএমবি সদস্য বলে উল্লেখ করা হয়েছে।
মামলায় বলা হয়, গত শুক্রবার রাতের ওই হামলায় ১৭ বিদেশিসহ ২১ জন নিহত হন। হামলা প্রতিহত করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও মারা যান। সেনাবাহিনীর নেতৃত্বে সফল কমান্ডো অভিযানে গুলশানের ঘটনায় মারা যায় পাঁচ বন্দুকধারী। সব মিলিয়ে এই ঘটনায় ২৮ জন নিহত হন।
জানা গেছে, মামলায় অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে। মামলায় বলা হয়েছে, জীবিত বা জিম্মি দশা থেকে যাঁরা মুক্তি পেয়েছেন তাঁরাও এ ঘটনায় জড়িত কি না, তা-ও যাচাই-বাছাই করা হচ্ছে। ওই ঘটনায় মোট ৩২ জন আহত হন। তাদের মধ্যে একজন গাড়িচালক ও একজন আনসার সদস্য। বাকি সবাই পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্য।
অভিযানে জিম্মি দশা থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে জিম্মি উদ্ধার অভিযানের আগে ১৯ জন এবং পরে ১৩ জন উদ্ধার করা হয়।


