English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৬:৫৭

এসপির স্ত্রীকে হত্যার সন্দেহে চারজনকে আটক

অনলাইন ডেস্ক
এসপির স্ত্রীকে হত্যার সন্দেহে চারজনকে আটক

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার।

পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মিতু হত্যা মামলাটি সোমবার নগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (৫ জুন) রাতে পুলিশ বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করে।

মিতু হত্যার ঘটনায় আটককৃতদের এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। তাৎক্ষণিকভাবে আটককৃতদের ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ।

চট্টগ্রামের পুলিশ কমিশনার ইকবাল বাহার জানান, বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত্রের স্বার্থে আটককুতদের নাম এখন বলা যাবে না। তবে ফলেপআপ তথ্য অাসলে অামরা জানাব।