নিজামীর সঙ্গে কারাগারে স্বজনদের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বজনেরা।
শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে গিয়ে নিজামীর সঙ্গে সাক্ষাৎ করেন তার স্ত্রী, দুই ছেলে, দুই পুত্রবধূ ও এক মেয়ে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বনিক এতথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা ১১টার দিকে নিজামীর স্ত্রী, ছেলে-মেয়েসহ ছয়জন কারাগারে পৌঁছান।
এর আগে বৃহস্পতিবার একাত্তরের মুক্তিযুদ্ধে আলবদর বাহিনীর প্রধান যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রিভিউ আবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে গত মঙ্গলবার শুনানি শেষে বৃহস্পতিবার তা নিষ্পত্তি করেন। এর ফলে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ ও বুদ্ধিজীবী হত্যার দায়ে নিজামীকে সর্বোচ্চ আদালতের দেওয়া সাজা মৃত্যুদণ্ড বহাল থাকে।
এই যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকর করতে আইনগত আর কোনো বাধা নেই। রিভিউ খারিজ আদেশের কপি শিগগিরই ট্রাইব্যুনালের মাধ্যমে কারাগারে রিভিউর পূর্ণাঙ্গ রায়ের প্রত্যায়িত অনুলিপি পাঠানো হবে।
নিয়ম অনুযায়ী একাত্তরের বদরপ্রধান নিজামী এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। তিনি তা না চাইলে বা রাষ্ট্রপতির ক্ষমা না পেলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কারা কর্তৃপক্ষ তার মৃত্যুদণ্ড কার্যকর করবে।


