টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় আটক ৩, আইএসএর দায় স্বীকার
টাঙ্গাইল জেলার গোপালপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেছে নিহতের স্ত্রী। শনিবার রাতে নিহতের স্ত্রী আরতি রাণী জোয়াদ্দার বাদী হয়ে গোপালপুর থানায় এ মামলাটি করেন। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল বলেন, ব্যবসায়ী নিখিল চন্দ্র জোয়াদ্দারকে কুপিয়ে হত্যার ঘটনায় শনিবার মধ্যরাতেই মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুতই আমরা তাদেরকে গ্রেফতার করতে পারবো।
এদিকে নিখিল চন্দ্র জোয়াদ্দারকে হত্যার দায় স্বীকার করেছে আইএস। সাইট ইন্টিলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে আইএসের নামে এ দায় স্বীকারের খবর প্রকাশ করা হয়েছে। সন্ধ্যায় সাইট ইন্টিলিজিন্স গ্রুপের ওয়েবসাইটের সংবাদে বলা হয়েছে, ‘আমাক নিউজ এজেন্সি’র মাধ্যমে বাংলাদেশের টাঙ্গাইল জেলায় হিন্দু দর্জিকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
উল্লেখ্য, জেলার গোপালপুর উপজেলার ডুবাইল বাজার এলাকায় শনিবার দুপুরে নিখিঁল চন্দ্র জোয়াদ্দার (৫০) নামে এক কাপড়ের ব্যবসায়ীকে হত্যা করে দুর্বৃত্তরা। পরে আইএস এর দায় স্বীকার করে বিবৃতি দেয়।
পুলিশ জানিয়েছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগে ২০১২ সালে নিখিল গ্রেফতার হয়েছিল। তাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জঙ্গিগোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে।


