English Version
আপডেট : ৫ মার্চ, ২০১৬ ১২:০১

ফেসবুক মাধ্যমে প্রতারণা, আটক ১৪

নিজস্ব প্রতিবেদক
ফেসবুক মাধ্যমে প্রতারণা, আটক ১৪

সামাজিক যোগাযোগের (ফেসবুক) মাধ্যমে প্রতারণায় অভিযোগে ১২ বিদেশি নাগরিকসহ ১৪ জনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে ঢাকার উত্তরাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ জানান।

তিনি বলেন, আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিতো। তবে তাদের সেই অভিনব কৌশলটি কী, কারা তাদের প্রতারণার শিকার হয়েছেন- সে বিষয়ে কোনো তথ্য তিনি তাৎক্ষণিকভাবে দেননি।

তুহিন মাসুদ জানান, ১২ জন বিদেশির মধ্যে নাইজেরিয়ার আটজন, কঙ্গোর একজন ও ক্যামেরুনের তিন নাগরিক রয়েছেন। বাকি দুজন বাংলাদেশি। তাদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ ও ডলার জব্দ করেছেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব অধিনায়ক বলেন, পরে র‌্যাব-১ এর সদরদফতরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সম্প্রতি এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় এক বিদেশি নাগরিক ধরা পড়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার সাংবাদিকদের বলেছিলেন, 'বিদেশিদের মনিটর করছি। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের নোটিস দেওয়া হচ্ছে, তারা ভিসার মেয়াদ বাড়িয়ে নিচ্ছেন। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের ধরে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।

বিদেশিদের প্রতি নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, 'আমরা কাউকে নজরদারির বাইরে রাখছি না- সে যেই হোক।'

বিডি নিউজ।