সাত খুনের মামলার বাদী বিউটি সাক্ষ্য দেন আদালতে
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের দুই মামলার একটির বাদী সেলিনা ইসলাম বিউটির সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
সাত খুনের প্রধান আসামি সাবেক কাউন্সিল নূর হোসেন ও চাকরিচ্যুতু র্যাবের তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ সাক্ষ্য দেন বিউটি।
এর আগে ২৯ ফেব্রুয়ারি অপর মামলার বাদী ডা. বিজয় কুমার পাল একই আদালতে সাক্ষ্য দেন। আসামিপক্ষের আইজীবীরা বাদীদের জেরা করেবেন ১০ মার্চ।
সেলিনা ইসলাম বিউটি সাবেক কাউন্সিলর নিহত নজরুল ইসলামের স্ত্রী। ডা. বিজয় কুমার পাল নিহত আইনজীবী অ্যাডভোকেট চন্দ্রন কুমারের জামাতা। এর আগে সাত খুনের আসামি ২৩ জনকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন সাংবাদিকদের জানান, এদিন ৩২ জন আসামির আইনজীবীরা জেরা করেছেন। এ সময় নূর হোসেন, তারেক সাইদ ও এমএম রানার পক্ষে তাদের আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত ১০ মার্চ জেরার সময় নির্ধারণ করেন। কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।


