English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৫:০০

ইটিভি’র সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
ইটিভি’র সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে ৩৩ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ২৮৬ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
বুধবার রাজধানীর তেজগাঁও মডেল থানায় দুদক উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন।
 
এর আগে গত সোমবার আবদুস সালামের বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশের প্রেক্ষিতে মামলার সিদ্ধান্ত নেয় দুদক।
 
সূত্র জানায়, সালামের বিরুদ্ধে পাওয়া বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দুদকের পরিচালক মো. নূর আহম্মদের তত্ত্বাবধানে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধান শেষে দুদকে জমা দেয়া প্রতিবেদনে বলা হয়, আবদুস সালাম ২০০৪ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত ইটিভির বিজনেস প্রমোশন, লিগ্যাল, বিনোদন ও ঋণসহ বিভিন্ন খাতের ভুয়া বিল দেখিয়ে নগদে ও চেকের মাধ্যমে ৩৩ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার ২৮৬ টাকা আত্মসাৎ করেন।
 
অনুসন্ধানকালে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা ইটিভি অফিস পরিদর্শনে গিয়ে প্রায় দুই হাজার ভাউচারসহ বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে আত্মসাতের এ তথ্য পেয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বিদেশী কোম্পানি 'সিটিকপ'র নামে থাকা ইটিভি'র শেয়ার স্থানান্তরের অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার ইটিভির লোকাল শেয়ারহোল্ডারদের কাছ থেকে  ভয় দেখিয়ে শেয়ার হস্তগত করার প্রমাণ মিলেছে। যা দুর্নীতি দন্ডবিধির ৪০৮, ৪২০, ৪৬৮/ ৪৭১সহ প্রযোজ্য ধারায় শাস্তিযোগ্য অপরাধ। গত বছরের ৬ জানুয়ারি পর্নোগ্রাফি মামলায় আটক পর থেকে কারাগারে রয়েছেন আবদুস সালাম। তার বিরুদ্ধে কয়েকটি রাষ্ট্রদ্রোহ মামলাও রয়েছে।