মীর কাসেমের আপিলের চূড়ান্ত রায় ২ মার্চ এর বদলে ৮ মার্চ
একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় ২ মার্চের বদলে ৮ মার্চ নির্ধারণ করা হয়েছে।দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আজ বুধবার রায় ঘোষণার এ তারিখ ধার্য করেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় জানায়, রায়ের তারিখ ৮ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে। ২ মার্চ সিলেটে প্রধান বিচারপতির একটি অনুষ্ঠান থাকায় রায়ের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। বেঞ্চের অপর চার সদস্য হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে মীর কাসেমের আপিলের ওপর ৯ ফেব্রুয়ারি শুনানি শুরু হয়। এটি আপিল আদালতে আসা যুদ্ধাপরাধের সপ্তম মামলা, যা রায়ের পর্যায়ে এলো। ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয়।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগের মধ্যে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি কাসেমের ফাঁসির রায় আসে। ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ নভেম্বর আপিল করেন তিনি। দেড়শ পৃষ্ঠার মূল আবেদন ও এক হাজার ৭৫০ পৃষ্ঠার নথিপত্রসহ করা আপিলে মীর কাসেম সাজা বাতিল চেয়ে খালাস চান।


