দুই সাংসদসহ ২৫ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা
যুদ্ধাপরাধের অভিযোগ এনে ত্রিশালে দুই সাংসদসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এরা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমানে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান ও জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুর রহমান।
মামলার অপর আসামিরা হলেন— ত্রিশাল তালতলার মাওলানা মোফাজ্জল হোসেন ও ইব্রাহিম মিয়া, কানিহারী দেওপাড়ার মোখলেচুর রহমান মুকুল, বইলর হোদ্দারভিটা রাজাকার কমান্ডার আদিল, বিয়ারতা গ্রামের শামসুল হক ফকির, নুরুল হক ফকির, নজরুল ইসলাম ফকির ও সুলতান ফকির, কানিহারি দেওপাড়ার সাইদুর রহমান রতন, কাঠাল গ্রামের মুকুল মাস্টার ও হেলাল উদ্দিন, কানিহারীর মোর্শেদ আলী, কালীর বাজারের কফিল উদ্দিন, বারই গ্রামের খাদেম আলী, সামসুল হক বাচ্চু। এ ছাড়া মৃত ৮ জনকে মামলার আসামি করা হয়েছে।
ত্রিশালের স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল কালাম রোববার দুপুরে আদালতে মামলাটি দায়ের করেন। পরে ৩ নম্বর আমলী আদালতে বিচারক মিটফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। আলহাজ এম এ হান্নান এমপি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।
মামলায় বলা হয়, ১৯৭১ সালের ২১ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন শান্তি কমিটির ময়মনসিংহ শহর শাখার আহ্বায়ক এম এ হান্নানের নির্দেশে রাজাকার কমান্ডার আনিসুর রহমান মানিক ও সামসুল হক বাচ্চুসহ পাক হানাদার বাহিনী এবং এর দোসররা ত্রিশালের কালির বাজার ও কানিহারী এলাকায় শতাধিক গণহত্যা, কয়েক কোটি টাকার সম্পদ লুণ্ঠন, ধর্ষণ, নির্যাতন ও অগ্নিসংযোগ করেন।


