English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:১৫

জনসম্মুখে ধুমপান বন্ধে পদক্ষেপ কেন নয়: হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
জনসম্মুখে ধুমপান বন্ধে পদক্ষেপ কেন নয়:  হাইকোর্টের রুল

জনসম্মুখে ধুমপান বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে রুলে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এর দুটি ধারা বাস্তবায়নে কেন পদক্ষেপ নেওয়া হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।   

এক রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারি করেন।

আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী জে আর খাঁন রবিন। তার সঙ্গে ছিলেন শাম্মী আক্তার। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল মোখলেছুর রহমান।

জে আর খাঁন রবিন গনমাধ্যমে জানান, আইনের ৭ ধারায় ধুমপান এলাকার ব্যবহার ও ৮ ধারার সতর্কতামূলক নোটিশ প্রদর্শনের কথা রয়েছে। কিন্তু  কতৃপক্ষ ওই আইনের যথাযথ বাস্তবায়নের লক্ষে কোনো ধরণের দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া নারী-শিশুসহ সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে জনস্বার্থে আইনের বাস্তবায়ন এবং পাবলিক প্লেসে ধুমপান বন্ধে পদক্ষেপ নিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শাম্মী আক্তার ১৭ জানুয়ারি রিট আবেদন করেন।

জনসম্মুখ বলতে - ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, অফিস-আদালত, লাইব্রেরী, রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চ স্টেশন এবং গাড়ি চালানো অবস্থায়।