সাকিব- মাশরাফীর সাথে পাপনের জয়
দশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর ও ভৈরব) আসন থেকে নৌকার মাঝি হয়ে আবারও জিতেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বেসরকারি ফলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী মো. রুবেল হোসেনকে ১ লাখ ২২ হাজার ১০৭ ভোটে হারিয়েছেন তিনি।
রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। কিশোরগঞ্জ-৬ আসনে নাজমুল হাসান পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল হোসেন মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৯৮ ভোট।
আসনটিতে ১৪২ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ২৪৪ জন। নাজমুলসহ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ প্রার্থী।
এছাড়া মাগুরা-১ আসন থেকে বেসরকারী ফলাফলে বিপুল ভোটে জয়ী হয়েছেন আছেন আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। অপরদিকে নড়াইল-২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাও বিপুল ভোটে বিজয় লাভ করেন।
নৌকা প্রতীকে সাকিব আসনটিতে ভোট পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব মার্কার অ্যাডভোকেট কাজী রেজাউল পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট।
এর আগে, রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। এই নির্বাচনে ভোট পড়েছে ৪০ শতাংশ।


