English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১৩:৪৪

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  

মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (১৮ জুলাই) সকাল ৮ টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের কোহিনূর বেগম (৪০), অঞ্জলি (৮০), শরফুদ্দিন আহমেদ (৮৪), ত্রিশালের রিয়াদ (৬০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার আবু সাঈদ (৬০)। 

তিনি জানান, এ সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের আব্দুল জব্বার (৮০), হেলাল উদ্দিন (৯২), সুরতজান (৪২), ফুলবাড়িয়া উপজেলার আব্দুল মজিদ (১০৫), গফরগাঁওয়ের নিজামউদ্দিন (৬৫), গৌরীপুরের মো. রফিক (৫০), নেত্রকোনা সদরের আবুল হোসেইন (৬৫), পূর্বধলা উপজেলার শামীম তালুকদার (৫০), শামসুল হক (৬৮) ও শেরপুরের নকলার এনামুল হক (৬৫)।ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, মমেক হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৩৮১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২ জন।

এদিকে, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭২টি নমুনা পরীক্ষা করে ২৮৬ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২২ দশমিক ৪৮ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।