সাবেক সেনা সদস্যকে গলাকেটে হত্যার চেষ্টা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে এক সেনা সদস্যকে গলাকেটে হত্যার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার রাতে নিজ বাসার ভেতরে ঢুকে গলাকেটে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পৌর এলাকার ঈশ্বরগঞ্জ চৌকী আদালতের পেছনের এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে বসবাস করেন আহত আজিজুল হক ভুঁইয়া (৬২)।
জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা গলাকেটে তাকে হত্যার চেষ্টা চালায়। নিজ ঘরের সামনে গলাকেটে রক্তাক্ত অবস্থায় ফেলে গেলে তাকে প্রথমে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছেন না পরিবারের সদস্যরা।
আজিজুল হকের ভাতিজা একেএম আনিছুর রাজ্জাক ভুঁইয়া খোকন বলেন, তার চাচার সঙ্গে কারো কোনো বিরোধ ছিলো না। কেউ হত্যার চেষ্টা চালাতে পারে এটি ভাবতে কষ্ট হচ্ছে। চাচার অবস্থা সংকটাপন্ন জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করার দাবি জানান তিনি।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদির মিয়া সাংবাদিকদের বলেন,খবর পেয়ে নানা বিষয় মাথায় রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। হামলায় ব্যবহৃত অস্ত্রটিও পাওয়া যায়নি। দ্রুততম সময়ের মধ্যে অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।


