English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১২:৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কি.মি. তীব্র যানজট, নিরসনে হিমশিম খাচ্ছে পুলিশ

অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কি.মি. তীব্র যানজট, নিরসনে হিমশিম খাচ্ছে পুলিশ

সড়কের মেরামত কাজের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশে অন্তত ৫০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে মাঝে মাঝে যানজটের সৃষ্টি হয়। এ অবস্থায় বুধবার (১৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগ বলছেন যানজট নিরসনে দিনরাত কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত কাজ করার কারণে ১৪ ঘণ্টার জন্য এক পাশ দিয়ে চলাচল ও ১৭ ঘণ্টার জন্য পুরোপুরি চলাচল বন্ধ করায় ব্রাহ্মণবাড়িয়ায় এ অবস্থার সৃষ্টি হয়।

মঙ্গলবার সকাল থেকে জেলার বিশ্বরোড মোড় থেকে ধরখার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় পণ্যবাহী শত শত যানবাহন চালককে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট অব্যাহত ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝি অবস্থিত লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের কাজ চলছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেযানবাহন সমূহকে শুধু সেতুর একপাশ দিয়ে চলাচল করতে বলা হয়েছে। এ ছাড়া একইদিন আজ রাত ১০টার পর থেকে ১৪ জুলাই বিকাল ৩ টা পর্যন্ত লাঙ্গলবন্দ সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ সময় বিকল্প পথ হিসেবে হালকা যানবাহন সমূহকে মোগদাপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

এদিকে তীব্রযানজটের কারণে শতশত যানবাহনের চালকেরা পণ্য নিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। গার্মেন্টস পণ্য নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী লরি চালক টুটুল আহমেদ বলেন,গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। প্রায় ১২ ঘণ্টা পর সকালে আমি ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছি। সড়কের যে অবস্থা গন্তব্যে কখন পৌঁছাবো জানি না।

কারগো ভেসেলের চালক রাজন হাসান জানান, সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড়ে আসেন। বিকাল ৫টায় তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরবাইপাস ভাদুঘর এলাকা অতিক্রম করছেন। বিকল্প সড়ক হিসেবে ব্যবহার হতে থাকা ব্রাহ্মণবাড়িয়ার অংশটি অনেকটা সংকুচিত বলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।