লকডাউন উপেক্ষা করে বসেছে পশুর হাট
দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। কঠোর লকডাউন উপেক্ষা করে সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজারে বসেছে গরুর হাট। স্থানীয় প্রশাসনকে তোয়াক্কা না করে শনিবার (১০ জুলাই) থেকে এ হাটে চলছে কোরবানির পশু ক্রয়-বিক্রয়। গতকাল বাজারে ছিল ক্রেতা-বিক্রেতাদের জমজমাট উপস্থিতি।
বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে এ হাটে আসেন। এলাকার অনেক সৌখিন খামারিরাও বিক্রির জন্য হাটে তুলেছিলেন তাদের পালিত পশু। নাম প্রকাশে অনিচ্ছুক জাউয়া বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৫ঘন্টা গরুর হাটে জমজমাট ভাবে কোরবানির পশুর ক্রয়-বিক্রয় চলে। হাট চলাকালে প্রশাসনের কাউকে আশপাশ এলাকায় দেখা যায়নি। কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করে এ হাট বসায় নানান প্রশ্ন তুলেন তারা। করোনা সংক্রমণে বড় ধরণের ঝুঁকির আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ ব্যাপারে জাউয়াবাজারের ইজারাদার শাহিন মিয়া তালুকদার জানান, স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে এলাকার ব্যবসায়ীদের চাহিদা মেটাতে পশুর হাট বসানো হয়েছে। এখানের ক্রেতা-বিক্রেতাদের সকলের মুখে ছিল মাস্ক। সামাজিক দূরত্বও বজায় রাখা হয়েছে। এক প্রশ্নের উত্তরে বলেন, কোরবানির পশুরহাট বসাতে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র অনুমতি নেননি।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল জানান, সুনামগঞ্জ ডিসি অফিস থেকে জাউয়াবাজারে ভ্রাম্যমান আদালতের জন্য একজন ম্যাজিস্ট্রেট দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, জাউয়াবাজারে যতক্ষণ ম্যাজিস্ট্রেট ছিলেন ততক্ষণ পশুর হাটে কেউ বসতে পারেনি। বিষয়টি পুলিশকে নির্দেশনার পাশাপাশি ইজারাদারকেও নিষেধ করা হয়েছে।
আগামী ১৪ জুলাই পর্যন্ত বাজার বসানো যাবে না বলেও জানান এই কর্মকর্তা।


