নবাবগঞ্জে ৭ম দিনেও ৩৫ জনকে জরিমানা
করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধি-নিষেধ পালনে মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত সর্বাত্মাক লকডাউন বাস্তবায়ন করতে ৭ম দিনেও মাঠে কাজ করছেন প্রশাসন। এ সময় বিধি-নিষেধ লঙ্ঘন করায় ঢাকার নবাবগঞ্জে ৩৫ জনকে ১৮ হাজার ৭০০ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জুলাই) সকাল থেকে উপজেলার সদর বাগমারা বাজার, নবাবগঞ্জ চৌরাস্তা, থাপারি বাজার, সাদাপুর কোমরগঞ্জসহ বিভিন্ন স্থানে সরকারের বিধি-নিষেধ না মানায় ও বিনাকারণে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল। পাশাপাশি জনগণকে স্বাস্থ্য বিধি সম্পর্কে সচেতন করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, সরকার ঘোষিত চলাচলে বিধি-নিষেধ আরোপের সময়সীমা ৭ জুলাই মধ্য রাত হতে ১৪ জুলাই রাত ১২ ঘটিকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারি নির্দেশনা পালনের লক্ষ্যে এ অভিযান আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে প্রশাসন এ নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর দিকে ঢাকার দোহারে ৭ম দিনেও বিধি-নিষেধ কার্যকর করতে সকাল থেকে মাঠে কাজ করছেন উপজেলা প্রশাসন, দোহার থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জয়পাড়া, লটাখোলা, থানার মোড়সহ বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম ও ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেণ দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় বিনা কারণে বাহির হওয়ায় বিধি-নিষেধ লঙ্ঘন করার অপরাধে ১৭ জনকে ৯ হাজার ৫০০ শত টাকা জরিমানা করা হয়।


