English Version
আপডেট : ৪ জুলাই, ২০২১ ১২:১০

চতুর্থ দিনে সড়কে বেড়েছে গাড়ির চাপ, আরও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

অনলাইন ডেস্ক
চতুর্থ দিনে সড়কে বেড়েছে গাড়ির চাপ, আরও তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

দেশজুড়ে চলা সাতদিনের কঠোর লকডাউনের আগের তিনদিন রাজধানীর সড়কে মানুষের সংখ্যা কম হলেও আজ রবিবার (৪ জুলাই) চতুর্থ দিন সকাল থেকে বেড়েছে রাস্তায় বেড়েছে যানবাহনের সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে পথচারী ও নানা প্রয়োজনে বের হওয়া মানুষ। কোনো কোনো চেকপোস্টে যানবাহনের দীর্ঘ সারিও দেখা গেছে।

মানুষ এবং যানবাহনের সংখ্যা বাড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর হয়েছে আগের চেয়ে বেশি। সাত মসজিদ রোড, মিরপুর রোড ও গাবতলী চেকপোস্ট ঘুরে দেখা যায়, রাসেল স্কয়ার, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে, কল্যাণপুর, টেকনিক্যাল মোড় ও গাবতলী চেকপোস্টে গাড়ির ব্যাপক জটলা। এসব চেকপোস্টে প্রত্যেকটা গাড়ি থামানো হচ্ছে। অপ্রয়োজনে বের হওয়া গাড়িগুলোকে মামলাও দেওয়া হচ্ছে।

ধানমন্ডি ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ আহসান বলেন, ‌‘আজ সপ্তাহের প্রথম কর্মদিবস। এছাড়া লকডাউনের চতুর্থ দিন। বিগত তিনদিনের তুলনায় আজ যানবাহনের চাপ একটু বেশি। যানবাহনের চাপ বেশি থাকলেও আমাদের সদস্যরা কঠোরভাবেই দায়িত্ব পালন করে যাচ্ছে।

এদিকে চেকপোস্টগুলোতে মানুষকে বিভিন্ন অজুহাতও দিতে দেখা গেছে। দেখা গেছে চিকিৎসকের ব্যক্তিগত গাড়িতে তার পরিবারের লোকজন যাতায়াত করছেন, বিজিএমইএর দেওয়া অনুমতিপত্রের সাথে গাড়ির নম্বরের মিল নেই, প্রতিষ্ঠানের কর্মী পরিবহনের গাড়ি না হওয়ার পরও বলা হচ্ছে কর্মী পরিবহনে নিয়োজিত, জরুরি সেবার কথা বলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করাসহ নানা বাহানায় রাস্তায় গাড়ি চলাচল করছে। এসব গাড়িকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ, নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

রাস্তায় জটের বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ আহসান বলেন, আজ সপ্তাহের প্রথম কর্মদিবস। এছাড়া লকডাউনের চতুর্থ দিন। বিগত তিনদিনের তুলনায় আজ গাড়ির চাপ একটু বেশি। গাড়ির চাপ বেশি থাকলেও আমাদের সদস্যরা কঠোরভাবেই দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া বেশকিছু গাড়ি আমরা ঘুরিয়ে দিয়েছি। কারণ রাস্তায় বের হওয়ার পক্ষে যথাযথ কারণ তাদের ছিল না।