রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১০ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে রবিবার (২৭ জুন) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। তাদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে করোনায়। বাকি নয়জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে চলতি মাসের ২৭ দিনে (১ থেকে ২৭ জুন) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩০৪ জন। এর মধ্যে ১৪৮ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১০ জনের মধ্যে আটজনই করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এছাড়া একজন রোগীর রিপোর্ট করোনা নেগেটিভ হলেও তার মৃত্যু হয়েছে। আর একজন রোগী করোনা পজিটিভ ছিলেন। মৃতদের মধ্যে চারজন রাজশাহী জেলার, চারজন চাঁপাইনবাবগঞ্জ জেলার ও দু’জন নাটোর জেলার রোগী ছিলেন। আজকের এ মৃত্যু নিয়ে চলতি মাসের এ ২৭ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত) রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩০৪ জন।
রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ৪ জন রাজশাহীর (পজিটিভ থেকে নেগেটিভ ১, উপসর্গে ৩), চাঁপাইনবাবগঞ্জের ২ জন (উপসর্গে) ও নাটোরের ৪ জন (পজিটিভ ১, উপসর্গে ৩) মারা যান। মৃতদের ৭ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্যে ৩১ থেকে ৪০ বয়সের ৩ জন পুরুষ, ৪১ থেকে ৫০ বয়সের ১ জন (পুরুষ), ৫১ থেকে ৬০ বয়সের ২ জন (নারী) ও ৬১ বছরের বেশি বয়সের ৪ (পুরুষ ৩, নারী ১) জন রয়েছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫৫ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৩৭ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের পাঁচজন, নওগাঁর দু’জন, পাবনার ছয়জন ও দিনাজপুরের একজন রয়েছেন।
সব মিলিয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনা উপসর্গ ও আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে মোট ৪৩৪ জন ভর্তি রোগী আছেন। অথচ হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা ৩৫৭টি। অর্থাৎ ধারণ ক্ষমতার বেশি রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। ৩৫৭ জনকে বেড দেওয়া গেলেও বাকিরা হাসপাতালের মেঝেতে ও ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন।


