English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১৩:৪২

ফরিদপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
ফরিদপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ফরিদপুরের ভাঙ্গার স্থানীয় দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) রাতে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মহসিন উদ্দিন ফকির। মামলায় আসামী করা হয়েছে সাংবাদিক মো. শহিদুল ইসলাম (৪৫) ও সাংবাদিক মনিরুল হক মোল্যা (৬০) নামের দুই সাংবাদিককে। তাঁদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এবং চাঁদা না দেয়ায় অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশের পর ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ করা হয়েছে।

শহিদুল ইসলাম ভাঙ্গার খারদিয়া গ্রামের মৃত আঃ মজিদ মোল্লার ছেলে। আর মনিরুল হক মোল্লা পৌর সদরের কাঁপুড়িয়া সদরদী গ্রামের মৃত আ: হক মোল্যার ছেলে।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোহসিন উদ্দিন ফকির মামলার এজাহারে অভিযোগ করেন, গত ১২ জুন শহিদুল ইসলাম তার অফিসে আসেন। তারপর সাংবাদিক পরিচয়ে ডিএসএফ এর মাতৃ স্বাস্থ্য ভাউচারের স্কীমের টাকা আত্মসাত করা হয়েছে জানিয়ে তার নিকট দশ হাজার টাকা চাঁদা দাবী করেন। তা-না হলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের হুঁমকি দেন। এরপর চাঁদা না দেয়ায় গত ২৩ ও ২৪ জুন তারা ফেসবুকে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালায়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ লুৎফর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট চাঁদা দাবি ও ভিত্তিহীন প্রচারণার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রুজু হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।