English Version
আপডেট : ১৯ জুন, ২০২১ ১১:১৯

ফরিদপুরে অঝোর ধারায় নামছে বৃষ্টি, ভোগান্তিতে মানুষ

অনলাইন ডেস্ক
ফরিদপুরে অঝোর ধারায় নামছে বৃষ্টি, ভোগান্তিতে মানুষ

গত দুদিন টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে ফরিদপুরবাসী। ঝাপটা হাওয়ার সাথে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। এতে ঘর থেকে বের হওয়াই ফরিদপুরবাসীর জন্য কঠিন হয়ে পড়েছে। আর যারা বের হয়েছেন যানবাহন সংকট ও রাস্তায় জমে থাকা পানিতে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

এদিকে বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চলগুলোতে জমে থাকছে কাঁদা-পানি। আবার খেটে খাওয়া মানুষগুলোর মাঝেও নেমে এসেছে চরম স্থবিরতা ও দুর্ভোগ। অব্যাহত বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হতেই পারছে না। ছাতা বা রেইন কোর্ট হচ্ছে অন্যতম সঙ্গী। তবে দরিদ্র মানুষরা দুটির কোনটাই সংগ্রহ করতে না পেরে পড়ছেন ভোগান্তির মুখে।

বৃষ্টির কারণে রাস্তায় গাড়ির সংখ্যাও অপ্রতুল। গাড়ি না পাওয়ায় আরও ভোগান্তি বেড়েছে অফিসগামীসহ নানা শ্রেণি-পেশার মানুষের। গুণতে হচ্ছে বাড়তি ভাড়াও। ২০ টাকার জায়গায় দিতে হচ্ছে ৫০ টাকা। বৃষ্টি ভোগান্তিতে পড়েছেন দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরাও। সকালে অনেক শ্রমিককে জেলার বিভিন্ন এলাকায় অলসভাবে বসে থাকতে দেখা গেছে। নুন আনতে পান্তা ফুরানো এসব মানুষদের অনেকেই অসহায়ভাবে কাকভেজা হয়ে দাঁড়িয়ে আছেন।

এ ছাড়া, ফরিদপুর শহর ও আশপাঁশের এলাকায় বিভিন্ন সড়কে পানি জমেছে। নিচু এলাকার অলিগলি পানিতে থৈথৈ করছে। অনেক জায়গায় বৃষ্টির সঙ্গে নর্দমার পানি মিশে একাকার। আর যানবাহন না থাকায় বাসের জন্য যাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে আছেন। কোথাও রাস্তায় পানি জমে গর্তগুলো আড়াল হওয়ায় পথচারীদের দুর্ঘটনার মধ্যে পড়তে হচ্ছে।

ফুটপাত আর সড়কের পার্থক্য বোঝার কোনো উপায় নেই। এদিকে, শহরের অধিকাংশ সড়কের পাঁশে পৌরসভার ড্রেন ও পানির সংযোগ লাইন নির্মাণের জন্য রাস্তা কাটাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ চলায় খোঁড়া গর্তে পানি জমে সড়কের সঙ্গে সমান হয়ে গেছে। এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।