English Version
আপডেট : ১৫ জুন, ২০২১ ১৬:২০

বাগেরহাটে ভ্রাম্যমান নমুনা সংগ্রহ ও করোনা পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক
বাগেরহাটে ভ্রাম্যমান নমুনা সংগ্রহ ও করোনা পরীক্ষা শুরু

“হট লাইনে ফোন করি, নমুনা সংগ্রহকারী যাবে আপনার বাড়ি” এই স্লোগান নিয়ে বাগেরহাটে করোনা পরীক্ষার জন্য ভ্রাম্যমান নমুনা সংগ্রহ শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে বাগেরহাট জেলায় করোনা সংক্রমনের পরিমান বৃদ্ধি পাওয়ায় বাগেরহাট-২ (কচুয়া সদর)আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এই উদ্যোগ নিয়েছেন।

মঙ্গলবার (১৫ জুন) সকালে বাগেরহাট সদর হাসপাতালের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান।

এসময় বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোশাররফ হোসেন, ডা. মোঃ শাহ নেওয়াজ, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিরাজুল করিম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলামসহ চিকিকৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, ভ্রাম্যমান তিনটি গাড়ি বাগেরহাট সদর, কচুয়া, রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলায় ঘুরে ঘুরে নমুনা সংগ্রহ ও র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করবে। প্রতিদিন ৩‘শ মানুষকে পরীক্ষা করার সক্ষমতা রয়েছে এই টিমের। এছাড়াও প্রত্যেকটি গাড়িতে হটলাইন নাম্বার রয়েছে। যে নাম্বারে ফোন দিলে নমুনা সংগ্রহকারী উপসর্গ থাকা রোগীর বাড়িতে পৌছে যাবে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার রিপোর্ট তাকে জানিয়ে দিবে।