English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১৬:৫৫

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

অনলাইন ডেস্ক
ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

ফরিদপুরে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিক্তিতে জেলার মধুখালী ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটর সাইকেল চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের আ. বারেক মোল্যার ছেলে সাদ্দাম মোল্যা চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। এমন তথ্যের ভিক্তিতে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা মধুখালীর কামালদিয়ার সাদ্দাম হোসেন (২৭), বিপুল মোল্যা ওরফে দিপুল মোল্যা (৩৭), ইলাহি মোল্যা (২৭), মজুরদিয়া এলাকার মো. শাহিন মোল্যা ওরফে বাহাউদ্দিন (৩৮), বোয়ালমারীর চন্দনী এলাকার তুহিন মোল্যাকে (২৭) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি টিভিএস এ্যাপাচি আরটিআর, ১টি পালসার, ২টি ডিসকভার উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মধুখালী ও বোয়ালমারী থানায় মামলা করা হয়েছে।