করোনা মোকাবেলায় বগুড়ায় ১১ বিধিনিষেধ
বগুড়ায় করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। শনিবার (৫ জুন) রাতে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ১১টি বিধিনিষেধ উল্লেখ করা হয়েছে। রবিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বিধিনিষেধ পালনের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (৫ জুন) বিকেলে জেলার করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা সংক্রান্ত জেলা কমিটির সভায় জেলার করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় লকডাউন আরোপের পরিপ্রেক্ষিতে এ জেলার জনসাধারণের স্বাস্থ্যসুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে এবং অধিকতর সতর্কতা অবলম্বনের জন্য উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক করোনাভাইরাস বিস্তার রোধকল্পে সমগ্র জেলায় বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়া হয়।
গণবিজ্ঞপ্তিতে ১১টি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিধিনিষেধ গুলো বলা হয়েছে, রবিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর অতি জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি কাজে বের হতে পারবে। রবিবার থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টার পর খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁসমূহ দোকানপাট/ শপিংমলসমূহ, কাঁচাবাজার, খুচরা ও পাইকারি বাজারসহ সকল ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, অন্যান্য বাজার ও দোকানপাট, যেখানে লোক সমাগম হয়, তা বন্ধ রাখতে হবে। তবে, খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁসমূহ কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করতে পারবে। বগুড়া জেলার সকল উপজেলায় সামাজিক অনুষ্ঠানসহ সকল ধরনের গণজমায়েত বন্ধ থাকবে। জেলার সকল কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রবন্ধ থাকবে। শহর বা মহল্লার রাস্তা/পাড়ার মোড়ে চা-এর দোকান, ছোট পরিসরের রেস্তোরাঁসহ এ জাতীয় সকল স্থানে সাড়ে ৭টার পর বন্ধ রাখতে হবে। কৃষিপণ্য ও খাদ্যসামগ্রী পরিবহনকারী যানবাহন চলাচল করতে পারবে। সরকারের রাজস্ব আদায়ের সাথে সম্পৃক্ত সকল দপ্তর/সংস্থাসমূহ জরুরি পরিসেবা প্রদান করতে পারবে। জেলায় সকল ধরণের সরবরাহ ব্যবস্থাপনা সচল থাকবে। গণবিজ্ঞপ্তি আরও বলা হয়েছে প্রকাশকৃত ১১টি বিধিনিষেধ যদি কেউ অমান্য করে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


