English Version
আপডেট : ৬ জুন, ২০২১ ১৪:৪৮

দিনাজপুরে নিজ বাড়ি থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
দিনাজপুরে নিজ বাড়ি থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নিজ বাড়িতে বন্ধ অবস্থায় বেল্লাল হোসেন বাবু (৩৩) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৫ জুন) সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর গ্রামের কাউয়াপাড়ার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত বেল্লাল হোসেন বাবু  দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর গ্রামের কাউয়াপাড়ার মৃত শরিফুল ইসলাম বুদুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকালে ঝড়বৃষ্টির পর দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ায় এলাকার কয়েকজন তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। তারা মেঝেতে বেল্লাল হোসেন বাবুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়িতে কেউ ছিলেন না। তার স্ত্রীও বাড়ি থেকে চলে গেছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের পর জানা যাবে তার মৃত্যুর কারণ। এর আগে কিছু বলা যাচ্ছে না।