English Version
আপডেট : ১১ জানুয়ারি, ২০২১ ১২:২৪

বোনের বিবাহের ফর্দ শেষে ফেরার পথে ভাই নিহত

অনলাইন ডেস্ক
বোনের বিবাহের ফর্দ শেষে ফেরার পথে ভাই নিহত

ফেনীতে বোনের বিবাহের ফর্দ (কাবিন সংক্রান্ত) অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় ভাই নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মুহুরীগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম (১৭) ফরহাদ নগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামের হারুন আহাম্মদ ও  আয়েশা বেগমের ছেলে।

সে ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্র ছিলো বলে জানিয়েছেন নিহতের মামা।

আহতরা হলেন, একই এলাকার মোহাম্মদ রাকিব (২৫), মোহাম্মদ রিফাত (১৫) ও আব্দুর সোবহান (৭০)।

নিহতের মামা জানান, আশরাফুল ইসলামের ছোট বোনের বিবাহের ফর্দ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পুরাতন মুহুরীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন তারা। হঠাৎ সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল নিহত হয়। বাকিদের আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য  চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, গাড়ির মাত্রাতিরিক্ত গতি থাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির (মহুরীগঞ্জ) ইনচার্জ সোহেল সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।