বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১
ভোলার বোরহানউদ্দিনে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে দুই যুবক। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।বুধবার এ ঘটনা ঘটে।
আটক মাসুদ তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের বাসিন্দা। সে তজুমদ্দিন বাজারে একটি থাই গ্লাসের দোকানের কর্মচারী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে স্কুলের কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই ছাত্রী (১৪) কে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয় তজুমদ্দিন বাজারের দোকান কর্মচারী মাসুদ ও তার সহযোগী। তারা অজ্ঞাত স্থানে নিয়ে ওই ছাত্রীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে। বিকেল ৩টায় মাসুদ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগীকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
ভুক্তভোগী তরুণী জানান, দুপুরে বাড়ি যাওয়ার জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলো সে। এ সময় পূর্ব পরিচত মাসুদ তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে ধর্ষণ করে। গুরুতর আহত অবস্থায় মাসুদ তাকে হাসপাতাল ভর্তি করে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সায়েদুর রহমান জানান, রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে কিন্তু রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। গাইনি বিশেষজ্ঞ দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
ভুক্তভোগীর বাবা-মা জানান, মেয়ের বাড়ি ফিরতে দেরি দেখে তারা খোঁজাখুজি করেন। বিকেলে থানার ওসি ফোনে তরুণীর বাবাকে জানান তার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, হাসপাতাল থেকে অভিযুক্ত ধর্ষক মাসুদকে আটক করে পুলিশ।
তবে লিখিত অভিযোগ না পাওয়ায় আটকের বিষয়ে কোন কথা বলতে রাজী হননি বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন।
তিনি বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি এ বিষয়ে তথ্য দেবেন।


