এমপি বদির গাড়িতে হামলা, যা বলল বিএনপি
সংসদ সদস্য আব্দুর রহমান বদির গাড়িতে হামলার ঘটনাটি সাজানো বলে দাবি করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
শনিবার (১ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।
তিনি অভিযোগ বলেন, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের পরিকল্পনায় নিজেরাই এ ঘটনা তৈরি করেছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে দমন-পীড়নের জন্য এ নাটক সাজানো হয়েছে।
শাহজাহান চৌধুরী বলেন, ৩০ নভেম্বর রাতে এমপি বদির গাড়িতে হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত। এ নাটক দিয়ে বিএনপিকে ঘরছাড়া করার চেষ্টা শুরু হয়েছে। একই সঙ্গে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ প্রকাশ্যে সরকারি দলের ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
এছাড়া এমপি বদির গাড়িতে হামলার অভিযোগে শুক্রবার রাতে টেকনাফের হোয়াইক্যং বিএনপি নেতা মরহুম মোস্তাক আহমদের বাড়িতে তাণ্ডব চালিয়ে লুটপাট করার অভিযোগ করা হয়।
তিনি অভিযোগ করেন, পুলিশি নিরাপত্তায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছে আব্দুর রহমান বদি। তিনি এমপি হয়ে কিভাবে প্রচারণায় অংশ নেন?
সংবাদ সম্মেলন থেকে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের প্রত্যাহার দাবি করা হয়েছে।


