হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। পাম্প থেকে গ্যাস নিতে রাস্তা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা সিএনজি চালিত অটোরিকশা দাঁড় করিয়ে রাখার প্রতিবাদে শনিবার ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টায় এ ধর্মঘটের ডাক দেয় জেলা মটর মালিক গ্রুপ।
এই প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, দীর্ঘদিন ধরেই অটোরিকশাগুলো হবিগঞ্জ শহরের প্রবেশদ্বার পোদ্দারবাড়ি এলাকায় মেইন রোড ও বাইপাস সড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে গ্যাস নেয়ার জন্য অপেক্ষা করে।
ফলে হবিগঞ্জ-সিলেট এবং হবিগঞ্জ-ঢাকা সড়কের বাসগুলো ঠিকমতো চলাচল করতে পারে না। এসব সড়কে বাস চলাচলের জন্য একটি নির্দিষ্ট সময় দেয়া থাকলেও গাড়িগুলো কখনওই সময় মতো গন্তব্যে পৌঁছতে পারে না। ইতিপূর্বে বিষয়টি নিয়ে রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির (আরটিসি) সভায় সিদ্ধান্ত নেয়া হয় তারা যেন মেইন রোডে দাঁড়ায়। বাইপাস সড়ক বন্ধ করা যাবে না। কারণ এ সড়ক দিয়ে জেলার সব ধরণের বাস চলাচল করে। এ সিদ্ধান্ত নেয়ার পরও তারা তা মানছে না।
বিষয়টি প্রশাসনকে জানানো হলেও তারাও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এ অবস্থায় বাধ্য হয়েই শুক্রবার রাতে জেলা মটর মালিক গ্রুপের বৈঠকে ধর্মঘটের ডাক দেয়া হয়। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত জেলার অভ্যন্তরিণসহ সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।


