রংপুরে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২ হাজার
রংপুরে মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে ঘংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হযেছে। গঙ্গাচড়া ও কোতয়ালি থানায় পৃথক দুটি মামলা আসামি করা হয়েছে দুই হাজার জনকে।
মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন। তিনি জানান, পুলিশ বাদি হয়ে গঙ্গাচড়া ও কোতয়ালি থানায় পৃথক দুটি মামলা করেছে। এখন পর্যন্ত ৫৩ জনকে আটক করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।
তিনি জানান, তদন্ত কমিটি গঠনের সময় রংপুর সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরও আগে শুক্রবার বিকালে রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি করার প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় মুসল্লিদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে হাবিব মিয়া (২৭) নামে স্থানীয় এক যুবক নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবাট বুলেট ও টিয়ারশেল ছুড়ে। এ সময় বিক্ষুব্ধ মুসল্লিরা ওই এলাকার ঠাকুরপাড়ার কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে।


