চট্টগ্রামে জমি নিয়ে শত্রুতা, মারধরে এক ব্যক্তির মৃত্যু
জমি নিয়ে পূর্ব শ্ত্রূতার জের ধরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে প্রতিপক্ষের মারধরে মোহাম্মদ জাফর (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি চরলক্ষ্যার আবদুর রশিদের ছেলে।
বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। এর আগে রাতে দূর সম্পর্কের ফুপাতো ভাইদের সঙ্গে জায়গা-জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে কথাকাটাকাটি হয় ওই ব্যক্তির। একপর্যায়ে তারা তাকে মারধর করে।
জেলা পুলিশের মেডিক্যাল ১ এর এএসইই আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ জাফরকে হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়। জমি নিয়ে দূরসম্পর্কের আত্মীয়দের সঙ্গে তার ঝামেলা চলছিল। এই নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে মোহাম্মদ জাফরের ভাতিজা দেলোয়ার হোসেন বলেন, জায়গা-জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে এই হামলা চালানো হয়েছে। আমরা এখনও মামলা করিনি।
আমার চাচার ডেথ সার্টিফিকেট পেলে আমরা মামলা করবো।


