যৌনকর্মীসহ ৪ জনের জেল
নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমান আদালত আসামাজিক কার্যকলাপের দায়ে দুই যৌনকর্মী ও এক দালালকে তিন মাসের এবং মাদক ব্যবসাসহ অনৈতিক কাজের সাথে জড়িত থাকার অপরাধে একজনকে একমাসের কারাদন্ড প্রদান করেছে।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত ফারজানা এই কারাদন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, যৌনকর্মী উপজেলার জোয়াড়ি কান্দাইল গ্রামের সোহাগী আক্তার (২৫) ও রাজশাহীর পুঠিয়া এলাকার শাহনাজ বেগম (২৭), যৌনকর্মীদের দালাল দিনাজপুরের পার্বতীপুর ধুলাউদা গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে মো. শাহ্আলম সেখ (৩০) এবং মাদক ব্যবসায়ী বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের কালিকপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. রাজ্জাক সেখ (৫০)।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনপাড়া পৌরশহরের কালিকাপুর এলাকার রাজ্জাক সেখের বাড়ি থেকে স্থানীয়রা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত দুই যৌনকর্মী ও দালালকে আটক করে পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিনজন সহ বাড়ির মালিক মাদক ব্যবসায়ী রাজ্জাক সেখকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে ভ্রাম্যমান আদালতের কাছে হাজির করে। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের শনিবার সকালে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


