English Version
আপডেট : ২৮ মার্চ, ২০১৭ ১২:১১

চট্টগ্রাম থেকে ৫৪ যাত্রী নিয়ে উড়ল থাই স্মাইল

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম থেকে ৫৪ যাত্রী নিয়ে উড়ল থাই স্মাইল

কোনও প্রচারণা ছাড়াই চট্টগ্রাম থেকে ব্যাংকক রুটে যাত্রা শুরু করেছে থাই এয়ারের সহযোগী সংস্থার বিমান থাই স্মাইল। গত ২৬ মার্চ রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম ছেড়ে যাওয়ার সময় ১৬২ আসনের বিমানটিতে যাত্রী ছিল মাত্র ৫৪ জন। আর ব্যাংকক থেকে চট্টগ্রাম পৌঁছে মাত্র ২২ জন যাত্রী নিয়ে।

জানতে চাইলে চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবীর কালের কণ্ঠকে বলেন, "ফ্লাইট অনটাইম থাকলেও প্রথম যাত্রা উপলক্ষে তেমন কোনও প্রচারণা ছিল না। "

বাজেট এয়ারলাইনস হিসেবে চালু হওয়া থাই স্মাইল'র চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক কল্লোল বড়ূয়া কালের কণ্ঠকে বলেন, "প্রচারণা কম থাকলেও প্রথম দিনে যাত্রী সাড়া খারাপা হয়নি। আশা করছি ধীরে ধীরে বাড়বে। " এর বিস্তারিত তথ্য তিনি দিতে পারেননি।

জানা গেছে, আগে থাই এয়ার চট্টগ্রাম থেকে সরাসরি যাত্রী পরিবহন করলেও এবার থাই এয়ারের সহযোগী সংস্থা থাই স্মাইল 'লো কস্ট ক্যারিয়ার' হিসেবে চট্টগ্রাম থেকেও যাত্রা শুরু করেছে। ২৬ মার্চ থেকে সপ্তাহের তিন দিন বুধ, শুক্র এবং রবিবার তিন দিন ফ্লাইট চলবে। বর্তমানে থাই এয়ার সরাসরি ঢাকা থেকে যাত্রী পরিবহন করছে।

চট্টগ্রাম থেকে যাত্রী শুরু করলেও ট্রাভেল এজেন্সিগুলো অবহিত নয়। জানতে চাইলে একাধিক ট্রাভেল এজেন্সি কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, থাই স্মাইল মূলত বাজেট ক্যারিয়ার যেখানে কোনও খাবার নেই। আর সময়সূচি হচ্ছে রাত সাড়ে ১১টা, যা বেশিরভাগ যাত্রীর কাছে গ্রহণযোগ্য হবে না। আর ভাড়া ২২০ মার্কিন ডলার হলেও সাড়া তেমন মিলবে না। "

জানা গেছে, ২০০৩ সালে চট্টগ্রাম-ব্যাংকক রুটে প্রথম যাত্রী পরিবহন শুরু করে থাই এয়ার। ওইসময় সপ্তাহে তিন দিন ফ্লাইট দিয়ে ব্যাপক যাত্রী আকর্ষণ করতে সক্ষম হয় বিমান সংস্থাটি। এরপর ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা যখন চূড়ান্ত পর্যায়ে ঠিক সেই সময় দেশটিতে সামরিক সরকার ক্ষমতা নিলে সেটি ভেস্তে যায়। এরপর ২০১২ সালের ২৫ নভেম্বর ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান সংস্থাটি।