English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৪৯

বিদেশী অস্ত্রসহ ওয়ার্ড কাউন্সিলর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
বিদেশী অস্ত্রসহ ওয়ার্ড কাউন্সিলর গ্রেফতার

ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাট ও কোটচাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম পাঠানকে (৩৫) একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৫ শত পিচ ইয়াবাসহ আটক করেছে। 

বৃহস্পতিবার সকালে তাকে উপজেলা শহরের আখ সেন্টার এলাকা থেকে আটক করা হয়। আটককৃত রেজাউল ইসলাম পাঠান শহরের আদর্শপাড়ার মৃত মমিন মন্ডলের ছেলে। 

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাহবুল করিম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে যে, কোটচাঁদপুর আখ সেন্টার এলাকায় মাদক ও অস্ত্র-বেচা কেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম পাঠানকে আটক করে। 

এ সময় বাকি সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৫শত পিচ ইয়াবা উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়। 

পুলিশ আরো জানায়, যে দীর্ঘদিন ধরে সে মাদক, অস্ত্র ও স্বর্ন কেনা-বেচার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে কোটচাদপুর থানায় একাধিক মামলা রয়েছে। 

এর আগে গেল বছর ২৬ জুন রাতে ঝিনাইদহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬-এর একটি দল রেজাউল দালালের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ওই বাসা থেকে ব্রাজিলের তৈরী ১টি অত্যাধনিক পিস্তল, ৪০ রাউন্ড গুলি, ৫টি হাসুয়া, ফেনসিডিল, ইয়াবা, নগদ টাকা ও পুলিশের পোশাক উদ্ধার করে র‌্যাব। 

এ ব্যাপারে কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, যে যত বড় সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। তার সাগরেদদেরকে আইনের আওতায় আনা হবে।  

এর আগে অস্ত্র ও মাদকসহ গ্রেফতারের মাত্র ৩ মাসের মাথায় তার সাগরেদরা উচ্চ আদালত থেকে রেজাউল দালালকে জামিন করে এনে আবারো তারা অস্ত্র, মাদক ও স্বর্ণ চোরাচালান ব্যবসা চালিয়ে যাচ্ছিল।