English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৭ ০২:৫৫

যশোরে পিকনিক বাস উল্টে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
যশোরে পিকনিক বাস উল্টে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৪
দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস

যশোর: যশোরের চৌগাছায় পিকনিকে যাওয়ার সময় বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের একটি স্কুল বাস উল্টে এক শিক্ষক ও দুই ছাত্রীসহ ৪ জন নিহত। এই ঘটনায় আহত হয়েছেন ২০জন।

বুধবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে যশোরের চৌগাছা-পুড়াপাড়া সড়কের দানবাক্স নামকস্থানে এ ঘটনা ঘটে। 

চৌগাছা থানার ওসি এম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম, স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ও বৃষ্টি ওরফে সাথী এবং গাড়ির হেলপার মিলন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আহতদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে চৌগাছার বর্ণি রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুরের স্বপ্নপুরে পিকনিকে যাচ্ছিল। ছেলে ও মেয়েদের দুটি বাসে প্রায় একশ যাত্রী ছিল। মেয়েদের বহনকারী (ময়মনসিংহ ব০৫-০০১০) বাসটি পুড়াপাড়া সড়কের খড়িঞ্চা এলাকার দানবাক্স নামকস্থানে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা তালগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান গাড়ির হেলপার মিলন, শিক্ষার্থী সাথী ও সুমাইয়া এবং শিক্ষক জহুরুল।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মোহাম্মদ আবু সরোয়ার জানিয়েছেন, পিকনিকের বাস দুর্ঘটনায় চারজন নিহত। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পরিমল কুমার জানান, খবর পেয়ে যশোর ও কোটচাঁদপুর স্টেশনের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেছেন। বেশ কয়েকজন মারা গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে এখনও হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হতে পারিনি।