যশোরের চৌগাছা থেকে তিন স্কুলপড়ুয়া নিখোঁজ
যশোর: যশোরের চৌগাছায় অষ্টম শ্রেণির তিন ছাত্রকে নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে রোববার (২২ জানুয়ারি) চৌগাছায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ছাত্ররা হলো- চৌগাছা উপজেলা শহরের থানা পাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম শাওন (১৩), উপজেলার পশ্চিম কারিগরপাড়ার আরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৩) এবং একই উপজেলার বাকপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে তানভির আহমেদ তন্ময় (১৩)। তারা সবাই চৌগাছা শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নিখোঁজ আশরাফুল ইসলাম শাওনের বাবা শফিকুল ইসলাম জানান, তার ছেলেসহ তিনজনের সন্ধান মেলেনি। তারা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন।
নিখোঁজ তানভির আহমেদ তন্ময়ের মা হাফিজা আক্তার সীমা বলেন, এখনও ছেলের সন্ধান পাইনি। খোঁজাখুঁজি করছি কোথাও পাচ্ছি না।
চৌগাছা থানার ওসি এম মশিউর রহমান বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থীদের বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজখবর নিয়ে জানতে পেরেছি তারা বাড়ি থেকে জামা কাপড় ও টাকা নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, তিন বন্ধু কোথাও বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে না বলে গেছে। আমরা খোঁজখবর নিচ্ছি। সব থানায় নিখোঁজের ম্যাসেজ দিয়েছি।


