English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:৫৭

কমরেড অমল সেনের চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ

উজ্জ্বল রায়,
নিজস্ব প্রতিবেদক
কমরেড অমল সেনের চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ
কমরেড অমল সেন

নড়াইল: আজ ১৭ জানুয়ারি ২০১৭, এ দেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা পুরুষ তে-ভাগা আন্দোলনের নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড অমল সেনের ১৪তম মৃত্যুবার্ষিকী। 

কমরেড অমল সেন ব্রিটিশ ভারতে ১৯১৪ সালে বর্তমানের নড়াইল জেলার আফরা গ্রামে জন্মগ্রহণ করেন। নবম শ্রেণীর ছাত্র অবস্থায় ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে যুক্ত হয়ে ‘অনুশীলন’ সমিতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ১৯৩৩ সালে খুলনার বিএল কলেজে রসায়ন শাস্ত্রে পড়া অবস্থায় অবিভক্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন এবং ১৯৩৩ সালে এই অঞ্চলের জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন। পিতার জমিদারির বিরুদ্ধে কৃষক আন্দোলন তাকে আরো পরিচিত করে তোলে।

ধারাবাহিকভাবেই ওই অঞ্চলে আন্দোলন চলতে থাকে। ১৯৩৫ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯৪৬ সালের ঐতিহাসিক তে-ভাগা আন্দোলনের কিংবদন্তি পুরুষে পরিচিতি লাভ করেন সবার ‘বাবুদা’ হিসেবে। ১৯৪৮ সালে যশোর পার্টির সম্পাদক নিযুক্ত হন। 

ভারত-পাকিস্তান বিভক্তির পর পাকিস্তানি মুসলিম লীগ সরকারের রোষানলে পড়েন এবং ১৯৫৬ সাল পর্যন্ত কারারুদ্ধ থাকেন। দুই বছর বাইরে থাকলেও আবারো ১৯৫৮ সালে গ্রেফতার হয়ে ১৯৬৯ সাল পর্যন্ত জেলে আটক থাকেন এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় মুক্তি লাভ করলেও আবার তাকে গ্রেফতার করা হয়। ১৯৭১-এর মার্চে জনগণ জেল ভেঙে তাকে মুক্ত করেন। আজীবন সংগ্রামী, অকৃতদার, নিঃস্বার্থ বিপ্লবী কমরেড অমল সেন ১৯৭১-এ জেল মুক্ত হয়ে ভারতে চলে যান এবং তখন বিভ্রান্ত বাম আন্দোলনের কর্মীদের সংগঠিত করতে মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ করতে ‘খোলা চিঠি’ দিয়ে আহ্বান জানান। 

ভারতে বসেই এ দেশের বিপ্লবীদের ঐক্যবদ্ধ করার অব্যাহত প্রচেষ্টা চালান এবং ‘বিপ্লবীদের সমন্বয় কমিটি’ গড়ে তোলেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে চীন-মস্কো ধারার বিপরীতে লেনিনবাদী কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

কমরেড অমল সেনের হাতে গড়া লেনিনবাদী কমিউনিস্ট পার্টি পরবর্তীতে ওয়ার্কার্স পার্টি নাম ধারণ করে। তিনি ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। কমরেড অমল সেন ২০০৩ সালে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।