English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ১০:১১

জয়পুরহাটে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৪

নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাটে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৪

কালাই (জয়পুরহাট): বগুড়া-জয়পুরহাট সড়কের বাঁশের ব্রিজ এলাকায় শুক্রবার রাতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। এই ঘটনায় আহত হয়েছে অর্ধশত জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়া-জয়পুরহাট সড়কের কালাই বাশেঁর ব্রিজ কলিং ফ্রুটস প্রোসেসিং‘র অদুরে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ক-১৪-৫৯৯১) সঙ্গে জয়পুরহাটগামী এইচআর এন্টারপ্রাইজ (জয়পুরহাট-জ-৪০০০-৩)  দুটি যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই লোকাল বাসের দুইজন যাত্রী নিহত হন। এছাড়া উভয় বাসের অন্তত অর্ধশত যাত্রী আহত হয়েছেন। পরে হাসপাতালে আরো দুজন মারা যান। দুর্ঘটনা কবলিত বাস দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। 

নিহত একজনের নাম বেলাল হোসেন মুহুরী (৪০)। তিনি কালাই উপজেলার উদয়পুরগ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে। নিহত অন্য তিনজনের পরিচয় মিলেনি। 

স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। 

আহতদের মধ্যে জয়পুরহাট সদর কোমগ্রামের (এইচআর পরিবহনের চালক) মিলন হোসেন(৩৭), একই উপজেলার শালগ্রামের লোকমান আলীর ছেলে ফারহাদ হোসেন(২৪), জয়পুরহাট ডিসি চত্বর এলাকার আব্দুল খালেকের ছেলে আবু হায়াত(৩৫), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা মো. শাহজালাল(২৪), শাহাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান(২৫), কালাই বারাহুত গ্রামের নুরুল ইসলামের ছেলে (হেলপার) মিঠু হোসেন(২৪)‘র নাম পরিচয় পাওয়া গেছে।   কালাই থানার ওসি মো. নুরুজ্জমানা চৌধুরী জানান, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস দুটি আটক করেছে পুলিশ। চালকদের বেপরোয়া গতিই এই দুর্ঘটনার কারণ বলে দাবী করেন তিনি।